admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২০ ১:২৫ অপরাহ্ণ
পঞ্চগড় প্রতিনিধিঃ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে নামছে তাপমাত্রা। সেইসঙ্গে রয়েছে উত্তরের হিমেল হাওয়া এবং ঘন কুয়াশা। ফলে জেলার সর্বত্র জেঁকে বসতে শুরু করেছে শীত। আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা বলছেন, দিনের বেলা আবহাওয়া কিছুটা উষ্ণ থাকলেও সন্ধ্যা নামার আগেই কুয়াশা ঘিরে ফেলে চার পাশ। সেইসঙ্গে উত্তরের হিমেল হাওয়া তো রয়েছেই। ফলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীত।
আবহাওয়ার বিরূপ প্রভাব তথা ঠাণ্ডা থেকে মুক্তি পেতে স্থানীয় লোকজন, বিশেষ করে নিম্ন আয়ের লোকজন রাস্তার পাশে খর-কুটো জ্বালিয়ে আগুন পোহানোর মাধ্যমে শীত নিবারণ করছেন। এ অবস্থায় শীত থেকে রক্ষায় নিম্ন আয়ের মানুষজন জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন। পঞ্চগড়ের বিভিন্ন সড়কে আজ বুধবার ভোরে কুয়াশা থাকার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছিল।