admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২১ ১০:১২ অপরাহ্ণ
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভয়াবহ তুষারধসের কারণে আটকে পড়া ১৭ পর্বতারোহীর মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ডের লামখাগা পাসে আটকা পড়েন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার পথ হারিয়ে ফেলেছিল পর্যটক, গাইড ও পোর্টারদের নিয়ে গঠিত ১৭ সদস্যের দলটি।
পরে গত বুধবার তাদের উদ্ধারে অভিযানে নামে ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। কিন্তু গত দুই দিনে তাদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়েছে, লামখাগা পাস উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উচুঁতে অবস্থিত। এই পাস পেরিয়েই উত্তরাখণ্ডের হারসিল জেলায় যাওয়া যায় এবং সেখান থেকে চলে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌরে।
১৭ জনের ওই দলটি সেখানেই ট্রেক করতে গিয়েছিল। এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৭০০ ফুট উঁচুতে ৪টি মৃতদেহ পায় উদ্ধারকারী দল। এ ছাড়া ১৬ হাজার ৮০০ ফুট উঁচু থেকে একই দিন একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। অপরদিকে, ১৬ হাজার ৫০০ ফুট উঁচু থেকে গতকাল শুক্রবার আরো ৫টি মরদেহ এবং জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়।
এরপর আরো দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। খবরে বলা হয়েছে, উদ্ধার করা মরদেহগুলো স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, জীবিত উদ্ধার হওয়া দুই জনকে হারসিলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উত্তরকাশির হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।