তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) রাতভোর বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে। বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।
দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মজান, রামচন্দ্রপুর ও চাপসার বিওপির টহলদল বিরল ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের সিজার মূল্য ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছে বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত ও মাদক চোরাচালানমুক্ত সীমান্ত গড়তে বিজিবি অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।