admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের হাবিপ্রবি কৃষি অনুষদের ২৩ ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাবলিপুরের কামিনী রায় ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম গৌড় চন্দ্র। সে হাবিপ্রবি কৃষি অনুষদের ২৩ ব্যাচের (২০২২-২৩) সেকশনের শিক্ষার্থী ছিলেন এবং গ্রুপ রিপ্রেজেন্ট (জিআর) হিসেবে শ্রেণিতে দায়িত্ব পালন করেন।
তার সহপাঠী ও রুমমেট জানায় “আমরা বন্ধুরা মিলে বিশ্ববিদ্যালয়ের অদূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করি। তারা তাকে সঙ্গে যেতে বললে তার মাথাব্যথা করছে বলে জানায় এবং সে রুমেই অবস্থান করে।তার রুমমেট বিকেল ৪ টার দিকে রুমে ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তারপর সে আশেপাশের রুমের ছেলেদের ডাকেন।
এরপর তারা জোরে-জোরে দরজা ধাক্কা দিলেও ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে রুমের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।এরপর তারা তার বন্ধুবান্ধব ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। প্রেম জনিত কারন হতে পারে বলে ধারণা।ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র পরামর্শক বিভাগের পরিচালকের সঙ্গে প্রক্টরিয়াল ও ছাত্র পরামর্শক শাখার টিম ও অন্যান্য শিক্ষকরা শোকাহত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো.মামুনুর রশীদ বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।বিষয়টি জানার পরই আমাদের তরফ থেকে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে মৃত শিক্ষার্থীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের রিপোর্টে প্রকৃত কারন জানা যাবে।
ইতোমধ্যেই বিষয়টি তার পরিবারকে অবহিত করা হয়েছে। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন,আমরা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছি। ময়না তদন্তের রিপোর্টের পর প্রকৃত কারন জানা যাবে।