admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৭ অপরাহ্ণ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও’র বাসায় চুরির উদ্দেশ্যে ঢুকেছিল দুর্বৃত্তরা। ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৩ জন র্যাবের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারের পর র্যাবের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার দ্বায় স্বীকার করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) র্যাব-১৩ এর অপারেশন অফিসার আবু বক্কর সিদ্দিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউএনও ওয়াহিদা খানমের ভাইয়ের দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত তিন জনকে দিনাজপুর থেকে র্যাব-১৩ এ সদর দপ্তরে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ কালে তারা এ ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন। মুলতঃ চুরির উদ্দেশ্যেই ইউএনও ওয়াহিদা খানমের ঘরে ঢুকেছিল দুর্বৃত্তরা। এসময় ওয়াহিদা বাধা দেয়ায় তার উপর হামলা চালায় বলে জানিয়েছে র্যাব। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনওকে হত্যার চেষ্টা মামলার সন্দেহভাজন প্রধান আসামি তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।