admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অগ্নিকান্ডে এক পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের অন্তর্গত প্রামাণিক পাড়ায় তফিজুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে।
এ ঘটনায় দুইটি গৃহপালিত গরু, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত তফিজুল ইসলাম জানায়, রাত দেড়টার দিকে হঠাৎ করে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। বিদ্যুতের লাইন থাকায় তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে ৬৫ ফিট চারচালা টিন শেট বসতবাড়ি ও ছেলে ইমান আলীর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে কোন কিছু বের করতে পারেননি।
এ সময় প্রায় ৩ লাখ টাকার মূল্যে দুইটি গরু পুড়ে যায়। তিনটি গরু অগ্নিদগ্ধ হয়। এছাড়া অন্যান্য প্রাণীও পুড়ে মারা যায়। এতে করে ১০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। এখন পুড়ে ছাই হয়ে যাওয়া বসত ভিটে ছাড়া কিছু নেই। স্থানীয় মোজাম্মেল হক জানান, গভীর রাতে পরিবারটিতে আগুন ধরলে আমরা ছুটে আসি। আগুন খুব বেগবান হওয়ায় নিভাতে চেষ্টা করি। বাড়ির সব কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গরু-ছাগল হাঁস-মুরগি, নগদ টাকা-পয়সা ধান-চাল ইত্যাদি পুড়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো উচিত।
তেঁতুলিয়া ফায়ার সার্ভিস জানায়, শালবাহান প্রামাণিক পাড়ায় আগুনের খবর শুনে দ্রæত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিকভাবে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হয়েছে। পরিবারটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি ক্ষতিগ্রস্ত পরিবারটির অগ্নিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সহযোগিতা আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।