admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলুঃ সাভার ঢাকার প্রতিনিধিঃ রাজধানী ঢাকার পার্শ্ববর্তী আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনা ঘটে গত ৯ অক্টোবর ভোরে। সেই ট্রলারে থাকা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ সোমবার (১১ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মোহাম্মদ রায়হান। এর আগে গত দুই দিনের উদ্ধার অভিযানে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
অর্থাৎ, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হলো। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মোহাম্মদ রায়হান বলেন, রূপায়ন বেগম নামে মায়ের মরদেহ ভেসে উঠেছে আমিন বাজার সেতুর নিচে। তার তিন বছর বয়সী শিশু সন্তানের মরদেহ পাওয়া যায় মুন্সিগঞ্জের মুক্তারপুর নদীতে। এ নিয়ে উদ্ধার হওয়া ৭ জনের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ৯ অক্টোবর ভোরে একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে চলে আসতে সক্ষম হয়েছেন। নদীতে ডুবে গিয়েছিলেন ৮ জন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। ওইদিনই ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরদিন আরও ১ জন এবং আজ পাওয়া গেল আরও দুজনের মরদেহ।