admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২০ ১০:৪৬ পূর্বাহ্ণ
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে আরও ৪টি মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে তার সহযোগী জাহিদকেও। গতকাল রাত ১২টার দিকে অস্ত্র ও মাদক আইনে চকবাজার থানায় এসব মামলা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।
এর আগে ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও ৩টি মামলা করা হয়েছিল। সর্বপ্রথম (সোমবার সকালে) নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদের করা হত্যাচেষ্টা মামলার পর তাকে গ্রেপ্তারের জন্য অভিযানে গিয়ে মাদক আইনে আরও দুটি মামলা করা হয় ভ্রাম্যমান আদালতে। সেই মামলায় ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ইরফান সেলিম এখন কারাগারে আছেন।
ইরফান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই ঘটনার জেরে শাস্তি হওয়ার পর গতকাল মঙ্গলবার কাউন্সিলর পদ থেকে তাকে বরখাস্ত করা হয়।
গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডিতে কলাবাগান সিগন্যালের পাশে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদের মোটরবাইককে ধাক্কা দেয় সাংসদ হাজী সেলিমের স্টিকারযুক্ত গাড়ি। এ নিয়ে প্রতিবাদ জানালে গাড়ি থেকে বের হয়ে ওই কর্মকর্তাকে মারধর এবং হত্যার হুমকি দেন হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ড। ঘটনার প্রতিবাদে তাদের বিরুদ্ধে মামলা করেছেন ওই কর্মকর্তা।