admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২০ ১২:৩৮ অপরাহ্ণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের গেজেট বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন মেয়র পদে পরাজিত বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। মঙ্গলবার সকালে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য্যের আদালতে এ আবেদন করেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। আবেদনে নির্বাচনী প্রক্রিয়ায় ‘অনিয়ম ও কারচুপির’ অভিযোগ করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে।
একই অভিযোগে আগের দিন ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালও একই আদালতে গেজেট বাতিলের আবেদন করেন। গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মো. আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। গত বৃহস্পতিবার তারা শপথ নেন। তবে স্বল্প ভোটার উপস্থিতির এই নির্বাচনে ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি ও জবরদস্তির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি। একই সঙ্গে প্রতিবাদে ২ ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছিল দলটি।