admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২১ ৩:১১ অপরাহ্ণ
ঢাকা জিয়া উদ্যানের ঘটনায় ৩টা মামলা। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর জিয়া উদ্যানে গতকাল মঙ্গলবার পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এসব মামলা দায়ের করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী। গণমাধ্যমকে তিনি বলেন, ৩টি মামলার মধ্যে দুটি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের মামলায় অভিযোগ করেছে যে, ওই ঘটনায় তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে তাদের ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে। অপরদিকে, পুলিশের পক্ষ থেকে করা মামলায় সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগ আনা হয়েছে। ওসি জানে আলম মুন্সী জানান, পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ ১৫৫ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে, মেট্রোরেল কর্তৃপক্ষের করা মামলায় অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতাদের সঙ্গে কয়েক হাজার কর্মী জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানে সামনে জড়ো হন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। উভয়পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়।