admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২০ ৭:৫৭ পূর্বাহ্ণ
ঢাকায় মার্কিন দূতাবাস এবার শিক্ষার্থীদেরও নতুন ভিসার আবেদন নিতে শুরু করছে। মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন বন্ধ ছিল। তবে বিশেষ পরিস্থিতিতে অন্য ক্যাটাগরির ভিসা চালু ছিল। এবার শিক্ষার্থীদেরও নতুন ভিসার আবেদন নিতে শুরু করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর থেকে এ আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু হবে। শুক্রবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।
সেখানে বলা হয়, এফ (শিক্ষা ও ভাষা সংক্রান্ত), এম (বৃত্তিমূলক) ও জে (দর্শনার্থী বিনিময়) ক্যাটাগরিতে ভিসা দেয়া হবে। সে জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে দূতাবাস। করোনার কারণে সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে।
ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। এক্ষেত্রে আবেদনকারীকে ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আবেদনকারীকে www.ustraveldocs.com/bd ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে তাদের প্রোফাইল আপডেট করতে হবে। এরপর সংশ্লিষ্ট ভিসা ফি দেয়ার পর অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে। দূতাবাসের নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত আবেদন ফি বৈধ থাকবে। এই ফি ব্যবহার করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের জন্য সময় নেয়া যাবে। আর যে সব শিক্ষার্থী তাদের পুরনো বা একই শিক্ষাপ্রতিষ্ঠানে একই বিষয় নিয়ে লেখাপড়া অব্যাহত রাখতে চান, তাদের সাক্ষাৎকার ছাড়াই ভিসা নবায়নের সুযোগ থাকছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।