admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুন, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ
ঢাকার গোয়েন্দা পুলিশ যাত্রীবেশী ভয়ঙ্কর ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে। ছিনতাই করা একটি চক্রের সন্ধান পেয়েছে ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বিশেষায়িত এই বাহিনী। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়। এদিন অভিযানের নানান দিক তুলে ধরেন ধরেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
এ সময় জানানো হয়, চক্রের সদস্যরা প্রথমে একটি মাইক্রোবাস ভাড়া নিতো, চলন্ত পথে সুযোগ বুঝে কৌশলে চালকের হাত-পা বেঁধে ফেলতো তারা। এরপর নিজেরাই গাড়িটি চালিয়ে নিতো এবং চলন্ত গাড়ি থেকে চালককে ফেলে দেয় হতো সুবিধাজনক স্থানে। এভাবেই গাড়ি ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে তাদের অপরাধ চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার নরসিংদী ও কুমিল্লার একাধিক স্থানে অভিযান চালিয়ে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মীর মিজান মিয়া, হাবিব মিয়া, ফারুক, কামাল মিয়া, আলামিন ও মোবারক। তাদের মধ্যে হাবিব মিয়া চিহ্নিত অপরাধী, তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানায় ডিবি। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত ২১ এপ্রিল কিশোরগঞ্জ থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন হাবিব মিয়া। বলা হয়, বিদেশফেরত এক আত্মীয়কে ঢাকা থেকে নিয়ে যাবেন তারা।
সে অনুযায়ী, পরদিন করিমগঞ্জ থেকে ৪ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন চালক আবুল বাশার। রাত ১১টার দিকে গাড়িটি ঢাকার আবদুল্লাহপুর পৌঁছালে তার হাত-পা বেঁধে ফেলেন যাত্রীবেশে থাকা অপরাধীরা।
এরপর মাইক্রোবাসটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ে যাওয়ার পথে চালককে সোনারগাঁয় চলন্ত অবস্থায় ফেলে দিয়ে দেয় আসামিরা। গাড়িটি ১ লাখ ৩০ হাজার টাকায় মিজান নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন হাবিব মিয়া। ভুয়া নম্বর প্লেট ও কাগজপত্র তৈরি করে গাড়িটি কুমিল্লায় নিয়ে চালান মিজান। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়ার কথা জানিয়েছে ডিবি।