admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে ১৫০ বছরের হানাফিয়া মসজিদ পেল বিশ্বস্বীকৃতি। দক্ষিণ কেরানীগঞ্জে মাথা তুলে দাঁড়িয়ে আছে দেড়শ বছরের পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী এই স্থাপনা এবার জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি সংস্থা, ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে।

গত ১ ডিসেম্বর সংস্থাটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৮৬৮ সালে নির্মিত ছোট আকারের মসজিদটি একাধিকবার সম্প্রসারণ করা হয়েছে। ক্ষয়িষ্ণু অবকাঠামোও সংস্কার করে কয়েক বছর আগে পুরনো রূপ দেয়া হয়। ২০১৮ সালে শেষ হওয়া এ কাজে নেতৃত্ব দেন স্থপতি আবু সাঈদ এম আহমেদ। স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পৃষ্ঠপোষকতায় মসজিদটির পাশেই নতুন আরেকটি মসজিদ তৈরি করা হয়েছে।
ফলে আগের মসজিদটি গ্রন্থাগার ও মক্তবে রূপান্তরিত করা হয়। এই অঞ্চলের বিভিন্ন দেশের সেরা কাজগুলোকে প্রতি বছর স্বীকৃতি দিয়ে থাকে ইউনেস্কো। পুরস্কারের নাম এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনসারভেশন। চলতি বছর ৬টি দেশের ৯টি স্থাপনাকে এই স্বীকৃতি দেয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশের হানাফিয়া জামে মসজিদ ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া ভারত, চীন, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ডের স্থাপনা রয়েছে এই তালিকায়। পুরনো স্থাপনাগুলো রক্ষায় ২০০০ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে ইউনেস্কো।