admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
ড. কামাল রাজপথ দখল নিতে বললেন। দেশবাসী সরকারবিরোধী আন্দোলনের জন্য ‘মানসিকভাবে প্রস্তুত’ বলে মনে করছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম নেতা ড. কামাল হোসেন। সে জন্য অবিলম্বে রাজপথে নেমে দখল করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের চতুর্থ সম্মেলনে এসব কথা বলেন ড. কামাল। এরইমধ্যে দেশের মানুষ রাজপথে নামতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে জনগণের সরকার দরকার। বর্তমান সরকারের ওপর তাদের কোনো আস্থা নেই।
তারা ক্ষমতা ভোগ করছে, ষোল আনা স্বৈরাচার বিরাজ করছে দেশে। দেশের কোনো কিছুই জনগণের নিয়ন্ত্রণে নেই মন্তব্য করে গণফোরাম সভাপতি ড. কামাল বলেন, অর্থনীতি নিয়ন্ত্রণে নেই, শাসনতন্ত্র নিয়ন্ত্রণে নেই। এমতাবস্থায় প্রতিটি জেলায় শহরের মানুষকে সংঘবদ্ধ করতে হবে, জাতীয় উন্নয়নের জন্য সংগ্রাম করতে হবে।
সরকার পরিবর্তনের জন্য জনগণের ঐক্য লাগবে জানিয়ে তিনি আরো বলেন, দেশের মালিকানা আত্মসাৎ করা হয়েছে, এখন দেশ বাঁচাতে হবে। রাজপথে সংগ্রাম করে দেশের মালিকানা ফিরে পেতে হবে। রাজপথকে দখলের মাধ্যমে দেশে জনগণের সরকার তথা ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন রাজনীতিক মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ুম, আবুল হাসান রুবেল, ফিরোজ আহমেদ প্রমুখ।