admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ
ড. কামাল জানালেন দেশ বাঁচাতে আন্দোলনের কথা। গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ। দেশ বাঁচাতে আন্দোলনের কথা বলেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় জানাতে হবে, দেশকে বাঁচাতে হবে। গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় প্রবীণ এ আইনজীবী বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে।
তবে সেটা জ্বালাও-পোড়াও আন্দোলন নয়, বরং দেশ গড়ার আন্দোলন চালিয়ে যেতে হবে। ড. কামাল হোসেন আরো বলেন, গণফোরামের কার্যক্রম জনগণের ঐক্যের ওপর ভর করে পরিচালিত হচ্ছে। জনগণের এই ঐক্যের শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। তবে এই আন্দোলন কারা করবে, কীভাবে করবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি গণফোরাম সভাপতি।
গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা।