admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২০ ৯:০২ পূর্বাহ্ণ
বাংলাদেশে ১৭ ও ১৮ ডিসেম্বর চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি শৈত্যপ্রবাহের আগে হালকা বৃষ্টিপাতও হতে পারে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এমনই আভাস দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, দেশে এবারের শীত মৌসুমে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বর নাগাদ। প্রথমদিকে দেশের উত্তরাঞ্চলে এ শৈত্যপ্রবাহ অনুভূত হবে। তখন উত্তরাঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তবে শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চলে হলেও এর প্রভাবে দেশজুড়ে তাপমাত্রা নেমে আসবে। পরবর্তীতে দেশজুড়ে এ শৈত্যপ্রবাহ অনুভূত হবে।
আবহাওয়াবিদ ওমর ফারুক আরো বলেন, বর্তমানে যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চলছে, তা আরো দুই দিন স্থায়ী হতে পারে। শৈত্যপ্রবাহের আগে দেশের কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছে যে, চলতি ডিসেম্বর মাসে দুটি শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। এর একটি ডিসেম্বরের মাঝামাঝি এবং অপরটি মাসের শেষ দিকে অনুভূত হতে পারে।