admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২০ ১০:০০ পূর্বাহ্ণ
সাবরিনা স্বামীর জন্য অধিদপ্তরে প্রভাব খাটাতেন, সরকারি কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে নিজের প্রভাব খাটিয়ে স্বামী আরিফুল চৌধুরীর জেকেজি হেলথ কেয়ারকে বিভিন্ন কাজ পাইয়ে দিতেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী। আজ শুক্রবার সাবরিনাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার প্রতিেবেদন জমা দেয় ডিবি পুলিশ। সেখানেই এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ডা. সাবরিনা চৌধুরী এ সময় তেজগাঁও থানায় করা প্রতারণার মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য ডা. সাবরিনা চৌধুরীকে আরো পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে জমা দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় সাবরিনাকে দফায় দফায় বিশদ জিজ্ঞাসাবাদ করা হলে মামলা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসে। সেগুলো এখন যাচাই-বাছাই চলছে। সে তার সহযোগীদের নিয়ে সরকারি প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে কোভিড-১৯ পজেটিভ ও নেগেটিভের ভুয়া রিপোর্ট সরবরাহ করতেন।
অসহায় মানুষদের কাছ থেকে চিকিৎসার নামে প্রতারণা করে টাকা আত্মসাৎ এবং অবহেলার মাধ্যমে করোনার সংক্রমণ বিস্তারে সহায়তা করে আসছেন ডা. সাবরিনা। তিনি সরকারি কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে নিজের প্রভাব খাটিয়ে স্বামী আরিফুল চৌধুরীর জেকেজি হেলথ কেয়ারকে বিভিন্ন কাজ পাইয়ে দিতেন। এ ফলে জেকেজি হেলথ কেয়ার বেপরোয়াভাবে সমাজে এ ক্ষতিসাধন করে। এসব কারণে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামির সহযোগী অন্যান্য পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ, গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোন কোন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত, তা উদঘাটনে আসামিকে আরো পাঁচ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।