admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন সিন্দুকে টাকা রেখে লাভ হবে না। করোনাকালে দরিদ্রদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সিন্দুকে বিলিয়ন বিলিয়ন টাকা রেখে লাভ হবে না, তাদের জন্য তা খরচ করতে হবে। আজ শনিবার ধানমণ্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মহামারিতে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধনকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই সময়ে কর্মহীন মানুষের সাহায্য করা হচ্ছে মানুষের দুর্দশা লাঘবের প্রথম ধাপ। আড়াই কোটি অসহায় পরিবারের এক মাসের খাদ্য নিশ্চিত করা প্রয়োজন।
দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সঞ্চিত অর্থ দরিদ্রদের কাজে ব্যবহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেরিতে হলেও টিকা তৈরির উদ্যোগ নেয়ায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় বিজ্ঞানী ড. বিজন কুমার শীলকে দেশে ফিরিয়ে এনে টিকা তৈরিতে অবদান রাখার সুযোগ দেয়ার জন্য অনুরোধ জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের সহায়তার প্রথম ধাপে দুস্থ ৬০০ পরিবারকে ১ মাসের খাদ্য দেয়ার কথা জানানো হয়। এসব পরিবার হচ্ছে রাজধানী ঢাকা, গাজীপুর, আশুলিয়া ও চট্টগ্রামের বাঁশখালীর।
প্রতিটি খাদ্যের প্যাকেটে থাকছে- ২০ কেজি চাল, ৪ কেজি আটা, ৫ কেজি আলু, ১ কেজি করে মশুর ডাল, ছোলা, পেঁয়াজ ও চিনি। এ ছাড়া আধা কেজি লবণ, আধা লিটার সয়াবিন তেল, ৮০ গ্রাম সরিষার তেল ও ৩০ গ্রাম শুকনা মরিচ রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, সাংবাদিক শফিউল আলম দোলন ও গণস্বাস্থ্য কেন্দ্রের জাহাঙ্গীর আলম মিন্টু।