admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২০ ৭:৩৮ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ পৌর শহরের জগথা বিলডাংগী মহল্লায় বসত ভিটার জমি নিয়ে বিরোধের জেরে পিতার মাথা ফাটিয়েছে প্রভাষক ছেলে সোহেল রানা। এ ঘটনাটি ঘটে ২৩ মার্চ সোমবার। রক্তাক্ত পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছে তার বড় ছেলে স্কুল শিক্ষক হানিফ। এ ঘটনায় প্রভাষক ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বড় ভাই। সোহেল রানা উপজেলার লোহাগাড়া ডিগ্রী কলেজের প্রভাষক আর হানিফ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে।
লিখিত অভিযোগ এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বসত ভিটার ৪ শতক জমি নিয়ে পৌর শহরের জগথা বিলডাংগী মহল্লার নজরুল ইসলাম ও তার বড় ছেলে হানিফের সাথে বিরোধ দেখা দেয় ছোট ছেলে প্রভাষক সোহেল রানার। এর জেরে সোমবার দুপুরে বাড়ির অঙ্গিনায় ইট দিয়ে পিতা নজরুলের মাথায় আঘাত করেন সোহেল রানা। এতে পিতার মাথা ফেটে রক্ত ঝড়তে থাকে। পিতার এ অবস্থা দেখে বড় ছেলে হানিফ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরতরা মাথার ফেটে যাওয়া স্থানে সেলাই দিলে রক্ত ঝড়া বন্ধ হয়। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীরন রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সারা হেমবরম বলেন, তার মাথায় ৪ টা সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত আছেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, পারিবারিক মারামারি এটি। তাদের আগে চিকিৎসা নিতে বলেছি। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।