admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২০ ৯:৪৮ অপরাহ্ণ
ফিরোজ সুলতান,ঠাকুরগাঁও : “সময়ের দাবি ত্রাণ যাবে বাড়ি বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ী” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের উদ্যোগে গরীব ও শ্রমজীবীদের মাঝে ফোন দিলেই পৌর এলাকায় বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসনের নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীরা।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন এই কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য জেলা প্রশাসনের ফেসবুক টাইমলাইনে দেয়া হয়েছে হটলাইন নাম্বার। সেই নাম্বারে ফোন করলেই মিলছে খাবার। পৌর এলাকার অসহায় মানুষেরা ফোনের মাধ্যমেই পেয়ে যাচ্ছেন চাল, ডাল, তেল ও চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, অভাবী মানুষ খাদ্যের জন্য পৌর মেয়র, কাউন্সিলরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছুটে যাচ্ছে। কিন্তু শহরের অনেক সম্মানী লোক আছেন, যারা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। নিরুপায় হয়ে অনাহারে-অর্ধাহারে থাকতে হচ্ছে। এ কথাটি বিবেচনায় নিয়ে ওইসব পৌরবাসীর খাদ্যকষ্টের কথা ভেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই কর্মসূচির জন্য দুটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে। গত ৬ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ঠাকুরগাঁও পৌর এলাকায় ১ হাজার ৩০০ পরিবারের মাঝে ফোনের মাধ্যমে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।