admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২০ ৯:০৯ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৮ বস্তা ওএমএসের সরকারি চালসহ এক নসিমন ড্রাইভারকে আটক করেছে স্থানীয় লোকজন। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনকে খবর দেয়া হয়৷ পরে তিনি পুলিশ বাহিনীসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চালের বস্তাগুলো নিয়ে আসেন। উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামে জানা যায়, ইউনিয়নের মোড়লহাট থেকে কুশলডাঙ্গী এমেরুলের মিলে চাল নিয়ে আসার সময় পারুয়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল ভোর ৫টায় নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠার পর তার বাসার সামনে থেকে ২টি ভ্যান ও একটি নসিমন চালের বস্তাসহ আটক করেন।
এ সময় ভ্যানের ড্রাইভার ২ জন পালিয়ে গেলেও নসিমনের ড্রাইভার পান্না কাউসারকে আটক করা হয়। আটককৃত নসিমনের ড্রাইভার জানান, চালগুলো কুশলডাঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এমেরুল মিলারের গুদাম ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল। বস্তাগুলো এমেরুল মিলার ক্রয় করেছেন। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, এ ঘটনায় জড়িতদের সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।