admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পৌরসভা কর্তৃক ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান চালকদের কাছ থেকে জোরপূর্বক দৈনিক ১০ টাকা টোল আদায় বন্ধের দাবীতে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে ঠাকুরগাঁও সদর উপজেলা রিক্সা-রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল ২৮ আগষ্ট রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয়ের সামনে শ্রমিকরা কয়েক’শ চার্যার অটোরিক্সা নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় মানুষ ও যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা স্বচল করেন। পরে নেতৃবৃন্দ ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান এর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ঠাকুরগাঁও সদর উপজেলা অটোরিক্সা,ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, আমরা গরীব ও মেহনতী মানুষ। আমরা পৌরসভায় মালিকানা লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স ফি প্রদান করেছি।
তার পরও আমাদের কাছ থেকে জোরপূর্বক দৈনিক ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। গত ১৩ জুলাই মেয়রকে স্মারক লিপি প্রদান করা হলে উনি একটি তদন্ত কমিটি করার কথা বলেন, কিন্তু অদ্যবধি কোন কার্যকরী পদক্ষেপ পাওয়া যায়নি, ও টোল আদায় বন্ধ হয়নি। টোল আদায়কে কেন্দ্রকরে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই ২৮ আগষ্ট রবিবার স্মারক লিপি দিলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আমাদের দাবী মেনে নিয়েছেন। আমরা আর কোন টোল দিবো না।পরে শ্রমিকরা ফিরে যান।