admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৫৩ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠ হবেনা অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। ঠাকুরগাঁওয়ের সেনুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর অফিস পুড়িয়ে দেওয়াসহ কর্মীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী।
আজ শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মতি সাংবাদিকদের এ অভিযোগ করেন। জানা যায়, গত বুধবার রাতে সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়নে কে বা কারা নৌকার ৩টি নির্বাচনী অফিস পুড়িয়ে দেয়৷ এ ঘটনার পর পরই ঐ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নৌকার প্রার্থী সমর্থকদের অভিযোগ যে এই কাজ স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী মতিউর রহমান মতি ‘র লোকজন করেছেন। এ ঘটনার পরে গতকাল শুক্রবার রাতে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী মতিউর রহমান মতি’র কয়েকটি নির্বাচনী অফিসে আগুন দেয় দূর্বৃত্তরা। এ ঘটনায় তিনি নৌকার প্রার্থী নোভেল কুমার সিংহ ও তার সমর্থকদের এবং সরকার দলীয় নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন মতিউর রহমান মতি।
এ বিষয়ে সেনুয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী মতিউর রহমান মতি সাংবাদিকদের বলেন, এটি একটি নেক্কারজনক ঘটনা। সরকার দলীয় নেতাকর্মী ও নোভেল সিংহ এর নির্বাচনী কর্মীরা পরিকল্পিত ভাবে আমার বেশ কয়েকটি নির্বাচনী অফিস পুড়িয়ে দেয়। তিনি আরো বলেন, তারা শুধু নির্বাচনী পুড়িয়ে দিয়েই খান্ত হয়নি। নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার সকল নির্বাচনী কর্মী, আমার সমর্থকদের নির্বাচনে কাজ না করার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। তাছাড়া তারা নৌকার নির্বাচনী অফিস নিজেরা পুড়িয়ে আমার কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে ও আমার কর্মীদের হয়রানি করছে। এ বিষয়ে আমি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথকভাবে দুটি অভিযোগ করেছি। কিন্তু এখনো ফলপ্রসু তো কার্যকর পদক্ষেপ পাইনি। যা অত্যন্ত দুঃখের বিষয়। আর জেলা ও সদর উপজেলা প্রশাসন, নির্বাচনী কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্টদের অনুরোধ করবো একটি সুষ্ঠ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে দিন।
নইলে আওয়ামী লীগের ও সরকার ও প্রশাসনের প্রতি মানুষের যেটুকু আস্থা বা ভরসা আছে তা মানুষ হারিয়ে ফেলবে। এলাকার উন্নয়নের স্বার্থে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন। কোন দলের বা মতের হয়ে নির্বাচন কমিশন ও প্রশাসন কাজ করবে না বলে মনে করছি। সেটা হলে আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। তবে আগামী ০৭ই ফেব্রুয়ারির সাধারণ এ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মতি। তিনি আরো বলেন, প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্টরা যদি নিরপেক্ষতা বজায় না রাখে আর নৌকার প্রার্থী যদি অবৈধভাবে ভোট ভিন্নদিকে নেওয়ার চেষ্টা করে, তাহলে আমার কর্মী সমর্থক স্থানীয় জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে বলেও হুসিয়ারি দেন।
এ প্রসঙ্গে সেনুয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ সোহেল রানা ও রফিকুল ইসলাম বলেন, নৌকার প্রার্থী ও সমর্থকেরা নির্বাচনী পরিবেশ পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছেন। তারা বিভিন্ন অপকৌশল করে মোটরসাইকেল মার্কার প্রার্থী মতিউর রহমান মতি’র নির্বাচনী অফিস পুড়িয়ে দেয়। তারা মতি’র কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। নৌকার সমর্থকরা সরকার দলীয় হলেও কোন নির্বাচনী নিয়ম কানুনের তোয়াক্কা করছেন না।
এভাবে তো কোন ভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তারা এ নির্বাচনে প্রশাসনের সঠিক হস্তক্ষেপ কামনা করেছেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থিত নৌকা মার্কার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোভেল কুমার সিংহ বলেন, আমরা বা আমার কোন কর্মী সমর্থক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতি’র নির্বাচনী অফিস পুড়িয়ে দেয় নি। এই অভিযোগটাই মিথ্যা। তবে মতি’র লোকজন আমার অফিস পুড়িয়ে দেয়। তারা নির্বাচনকে বানচাল করতে ও নির্বাচনী পরিবেশ পরিস্থিতি খারাপ করতে নানা অপপ্রচার চালাচ্ছে। আর স্বতন্ত্র প্রার্থী মতির কর্মীদের হুমকি ও মামলার হয়রানি অভিযোগ সঠিক নয়। এই ইউনিয়নের মানুষ আগামী ০৭ই ফেব্রুয়ারি উন্নয়নের পক্ষে ও নৌকার পক্ষে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করে সকল ষড়যন্ত্র রুখে দেবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আগামীকাল ৭ ফেব্রুয়ারী ২০২২ ইং রোজ সোমবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে মোট ০৪ জন প্রার্থী হয়েছেন। তবে এদের মধ্যে নৌকা মার্কার প্রার্থী নোভেল সিংহ ও স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী মোটরসাইকেল মার্কার প্রার্থী মতিউর রহমান মতি’র মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বীতা হবে বলে জানান স্থানীয়রা। তবে এলাকাবাসী মনে করেন প্রশাসনের গাছাড়া মনোভাবের কারণে ভোটের দিন বড় ধরণের সহিংসতা হতে পারে।