admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে ২৭ জানুয়ারি বৃহস্পতিবার দিনভর মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে প্রশাসন। হাট-বাজারগুলোতে মানুষকে সামাজিক দূরত্ব না মেনে চলাচল করতে দেখা গেছে। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। আবার যারা মাস্ক ব্যবহার করছেন তাদের মধ্যে অনেকেই নিয়ম মানছেন না।
প্রশাসনের লোকজন দেখলে কেউ কেউ আড়ালে যাচ্ছে, আবার কেউ পকেটে থাকা মাস্ক পরছে। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল সহ পুলিশ ফোর্স নিয়ে মাস্ক বিতরণ করা হয়। যারা মাস্ক ব্যবহার একেবারেই অনীহা প্রকাশ করেন, তাদের কয়েকজনকে ৭০০ টাকা জরিমানা করা হয়।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মানতে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। তাৎক্ষণিক করোনার ফলাফল জানতে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। এত সুবিধা থাকার পরেও মানুষ সচেতন হচ্ছে না। সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের গণসচেতনতামূলক প্রচারণা চলমান রয়েছে। যারা একেবারেই স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এ অভিযান চলবে।