admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মে, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি,স্টাফ রিপোর্টারঃদিনাজপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মমতাজ আলী নামে পুলিশের এক এএসআই নিহত ও আব্দুল জলিল নামে আরেক এএস আই গুরুতর আহত হয়েছে। ৯ মে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টায় সদর উপজেলার নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত পুলিশ সদস্য দিনাজপুর কোতয়ালি থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সোয়া পাঁচটায় একটি ঘটনার তদন্ত করতে মোটরসাইকেলে মমতাজ আলী ও আব্দুল জলিল দশমাইলের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। দুর্ঘটনায় এএসআই মমতাজ আলী মারা যান। গুরুতর আহত এএসআই আব্দুল জলিলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
নিহত এএসআই মমতাজ আলী বালিয়াডাঙ্গী উপজেলা চাড়োল ইউনিয়নের দৌগাছি গ্রামের কুদ্দুস আলীর ছেলে ও দৌগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরসেদ মাষ্টারের ছোট ভাই।