admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ
ট্যাং-জুস-এর আজান যুক্ত বিজ্ঞাপন বন্ধের আবেদন। ইদানীং ট্যাং জুস-এর এমন একটি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে যোনে পবিত্র আজানের ধ্বনি যুক্ত করা হয়েছে। বিশেষ করে ইফতারের পূর্বে এই বিজ্ঞাপন বেশি বেশি প্রচার হওয়ায় এতে বিভ্রান্তিতে পড়ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে বিজ্ঞাপনের মধ্যে থাকা আজানের ধ্বনি শুনে রোজা ভেঙে ফেলছেন। তাই এই বিজ্ঞাপন বন্ধের জন্য লিখিত আবেদন করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। আজ রোববার (২৫ এপ্রিল) এই আবেদন করেন বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)-এর নির্বাহী পরিচালক পলাশ মাহবুব। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশ মাহবুব
আবেদনটি করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ে। এতে বলা হয়, ইসলাম ধর্মের নিয়মানুযায়ী সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করতে হয়। তবে মূলত আজান শুনেই রোজা ভাঙেন মুসলমানরা। এজন্য তারা বিশ্বাসযোগ্য মনে করেন টেলিভিশনের আজানকে। কারণ মসজিদে অনেক সময় কয়েক মিনিট পরেও আজান দেওয়া হয়।
যেহেতু টেলিভিশনের আজান হয় সময়ের সঙ্গে সঙ্গে, তাই সবাই ইফতার সামনে নিয়ে টেলিভিশনের শব্দের দিকে মনোযোগ রাখেন। এমন সময় ট্যাং-এর বিজ্ঞাপনে বেজে ওঠে আজানের ধ্বনি। তাতে বিভ্রান্ত হয়ে ইফতার মুখে তুলে নেন অনেকে। গত কয়েকদিনে এমন প্রচুর অভিযোগ পাওয়া গেছে। তাই অবিলম্বে এই বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে হবে। উল্লেখ করা হয় আবেদনে। আবেদনকারী পলাশ মাহবুব মাহবুব বলেন, শুধু বাণিজ্যিক স্বার্থে কোটি কোটি মুসলমানের ইবাদত নিয়ে এমন হীন কার্যক্রম চালাতে পারে না একটি কোম্পানি। এটাকে আমি গুরুতর অপরাধ মনে করি। ভোক্তা অধিকারে আবেদন করেছি। যদি দ্রুততম সময়ের মধ্যে যথাযথ সাড়া না পাই তাহলে প্রয়োজনে আদালতে যাবো। এমন একটা বিজ্ঞাপনকে চলতে দেয়া যায় না।