admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২০ ১২:১৬ অপরাহ্ণ
ঝালকাঠিতে মনিরুজ্জামান মনির নামে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের আড়াই টন চাল জব্দ করেছে জেলা প্রশাসন। রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ও জেলা মেম্বারস ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের নিজবাড়ি থেকে মজুতকৃত ত্রাণের এই চাল জব্দ করা হয়।
স্থানীয়রা বলছে, চালগুলো করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল। জানা গেছে, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল গতকাল রাতে ইউপি সদস্য মনিরের বাড়িতে সরকারি বস্তা থেকে বের করে নুরজাহান ব্রান্ডের বস্তায় ভরা হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে তার বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় ৫০ বস্তা ভর্তি আড়াই টন চাল জব্দ করে জেলা প্রশাসন। ঘটনার পর থেকে ইউপি সদস্য মনিরুজ্জামান মনির পলাতক রয়েছেন। ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী বলেন, সরকারি চাল কিন্তু অন্য প্যাকেটে ভরা। চালগুলো স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, মেম্বারের মা বলেছেন চালগুলো কয়েকদিন আগে এনে রাখা হয়েছিল। মেম্বার তার মাকে ফোন জানিয়েছে এ চালগুলো তার ক্রয়কৃত। সরকারি চাল কেনার অনুকূলে কাগজপত্র থাকলে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে আসার জন্য বলা হয়েছে। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।