admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ
জাপান বাংলাদেশকে নাম মাত্র সুদে রেকর্ড পরিমাণ ঋণ দেবে। অন্যতম উন্নয়ন সহযোগী জাপান। এবার বাংলাদেশকে রেকর্ড পরিমাণ ২৯ হাজার ১৫৪ কোটি টাকা ঋণ দেবে দেশটি। বাংলাদেশ এ অর্থ পাবে জাপানের ৪২তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) ঋণ প্যাকেজের আওতায়। ওডিএ প্যাকেজে এর আগে এত বেশি ঋণ ঢাকাকে দেয়টি টোকিও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে আজ শুক্রবার এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, এই ঋণে সুদের হার বার্ষিক শূন্য দশমিক ৬০ শতাংশ। ১০ বছরের রেয়াতসহ (গ্রেস পিরিয়ড) ৪০ বছরে এ ঋণের অর্থ পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্বের ৭০টি দেশে ওডিএ ঋণ দিয়ে থাকে জাপান। দেশটির প্রতিশ্রুতি অনুযায়ী ৭০টি দেশের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ওডিএ ঋণ পেতে যাচ্ছে।
সূত্র জানায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতোর সঙ্গে এ বিষয়ে ভার্চুয়াল আলোচনা সম্পন্ন হয়েছে। ফাতিমা ইয়াসমিন রেকর্ড পরিমাণে ঋণের প্রতিশ্রুতি দেওয়ায় নাওকি ইতোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে ইআরডির যুগ্ম-সচিব (জাপান শাখা) মোহাম্মদ আশরাফ আলী ফারুক বলেন, বাংলাদেশকে রেকর্ড পরিমাণে ওডিএ ঋণের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। এই ঋণের সুদ নামমাত্র, পাশাপাশি শর্তও কম। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা একটা বড় অর্জন। জাপান এর আগে বাংলাদেশকে এই পরিমাণ ওডিএ ঋণের প্রতিশ্রুতি কখনো দেয়নি বলেও জানান মি. আশরাফ আলী ফারুক।