admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
জাতীয় পার্টিতে (জাপা) বিদ্রোহের আভাস! ভাঙন যেন পিছু ছাড়ছে না বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা)। দলটির মহাসচিব পদকে কেন্দ্র করে ফের ভাঙনের ইঙ্গিত মিলেছে এবার। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে পদটি শূন্য হয়েছে সম্প্রতি। জাপা সূত্র জানায়, বাবলুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই নতুন মহাসচিব কে হবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে। পদটিতে আসতে আগ্রহ দেখাচ্ছেন প্রায় হাফ ডজন নেতা।
তাদের মধ্যে রয়েছেন- সাবেক মহাসচিব ও কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সাবেক মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা। দুদিন আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে, জাপার ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার চেষ্টা করছেন গাইবান্ধার এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এরপরই দলটির শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক করছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এর মধ্যে গত সোমবার কাজী ফিরোজ রশীদের কলাবাগান অফিসে একত্র হন এ বি এম রুহুল আমিন হাওলাদার, মজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, মসিউর রহমান রাঙ্গা, সাহিদুর রহমান ও লিয়াকত হোসেন খোকা। বৈঠকের পক্ষ থেকে জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে টেলিফোন করেন মজিবুল হক চুন্নু। এ সময় শামীম হায়দার পাটোয়ারীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সম্প্রতি দলে আসা কাউকে নেতাকর্মীরা মহাসচিব পদে মেনে নেবে না। সিনিয়র নেতাদের মতামত উপেক্ষা করে কাউকে মহাসচিব করা হলে উদ্ভূত পরিস্থিতির জন্য আপনি দায়ী হবেন।
জাপা সূত্র বলছে, জিএম কাদের যদি মহাসচিব পদে শামীম হায়দার পাটোয়ারী বা অন্য কাউকে মনোনীত করেন, তাহলে ‘বিদ্রোহ’ দেখা দিতে পারে। আবার পুরনোদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেয়া হলেও অন্যরা মেনে নাও নিতে পারে। ফলে আগামী নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ সংকটে পড়েছে দলটি। কেউ কেউ বলছেন, রওশন এরশাদ ও জিএম কাদেরের গ্রুপের মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ্বের সমাপ্তি ঘটতে পারে ফের ভাঙনের মধ্য দিয়ে।
এ বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। তবে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, অতীতে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কাউকে মহাসচিব পদে মনোনীত করা উচিত। এ ক্ষেত্রে তৃণমৃলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে বেছে নিলে সমস্যা এড়ানো সম্ভব হবে হয়তো।