admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ
তানিয়া পারভীন তামান্না, স্টাফ রিপোর্টার,ঢাকাঃ জাতীয় দুর্যোগের কবলে বাংলাদেশ। দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে ধৈর্য ধরে একসাথে কাজ করার আহবান জানানো হচ্ছে। উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে সিত্রাং, নিহত ৫ জন,বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। এতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারের মতো উপকূলীয় জেলায় আঘাত হেনেছে ৯ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। অনেক জেলায় সংযোগ সড়ক বন্ধ হয়ে গেছে। ঝড়ের কারণে দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে।
রাত ১.৩০: সাইক্লোন সিত্রাং বর্তমানে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। জাপানের ভূ-পর্যবেক্ষক স্যাটেলাইট চিত্রের সূত্র দিয়ে একথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, ঘূর্ণিঝড়ের শক্তিশালী অংশটি বর্তমানে সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা দিয়ে অতিবাহিত হচ্ছে।
রাত ১টা থেকে ৩টা পর্যন্ত সাইক্লোনের শক্তিশালী অংশটি সিলেট বিভাগ অতিক্রম করবে। এরপর দ্বিতীয় শক্তিশালী অংশটি ময়মনসিংহ বিভাগ অতিক্রম করবে বলেও জানান তিনি। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতের আসাম, মেঘালয়, মনিপুর ও ত্রিপুরা রাজ্যের দিকে যাবে সিত্রাং।
রাত ১২.১০: সিত্রাংয়ের প্রভাবে প্রবল বাতাসে টিনের চালা দেওয়া বাড়ির ওপর গাছ উপড়ে পড়ায় মারা গেছেন একই পরিবারের তিন সদস্য। সোমবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথী আক্তার এবং কন্যা লিজা আক্তার।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল। রাত ১১.৫০: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, সিত্রাং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সন্ধ্যায় আঘাত হানার পর থেকেই সেখানে প্রবল বায়ুপ্রবাহ ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। রাত সাড়ে ৯টা নাগাদ উপকূলীয় এলাকায় ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস লক্ষ করা গেছে। মধ্যরাতে ঝড়ের কেন্দ্র বরিশাল ও চট্টগ্রাম অতিক্রম করার আগে জলোচ্ছ্বাসের উচ্চতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রাত ১১.৪০: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একের পর এক গাছ উপড়ে পড়ছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে মহাসড়কের কুমিল্লা অংশে আটটি গাছ উপড়ে পড়ার কথা জানা যায়। সোমবার রাত ১১টায় কুমিল্লার হাইওয়ে পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ রহমত উল্লাহ গাছ পড়ার ঘটনা নিশ্চিত করেছেন। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি। এছাড়া সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।এরমধ্যেই খুলনার বাগেরহাটের কয়েকটি উপজেলার মানুষ সাইক্লোন শেল্টারে অবস্থান নিতে শুরু করেছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার ২৯ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে। এছাড়া, অতি-দূর্যোগপ্রবণ এলাকায় উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জনগণকে আশ্রয় কেন্দ্রে যেতে সহযোগিতা করছে। ঘূর্ণিঝড় সিত্রাং চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোন জরুরি পরিস্থিতি মোকাবেলা, উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে কোস্ট গার্ডের সকল ঘাটি, জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট ও ডিজাস্টার রেসপন্স এন্ড রেস্কিও টিম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
জরুরী যোগাযোগের জন্য নিচের নাম্বারে কল করতে অনুরোধ করা হলো
০১৭৬৯-৪৪০৯৯৯