admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২০ ৭:২৬ অপরাহ্ণ
সিদ্ধান্তটা দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে চীনের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের করোনায় আক্রান্ত রোগীদের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের বাংলাদেশ শাখা তথা আইসিডিডিআরবিকে। এরই মধ্যে জানা গেল, ঠিকঠাকভাবে ট্রায়াল হয়ে গেলে ওই ভ্যাকসিনের ১ লাখ ১০ হাজার ডোজ বিনামূল্যে পাবে বাংলাদেশ।
আজ শুক্রবার প্রকাশিত হওয়া নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গণমাধ্যমটির বেইজিং ব্যুরোর প্রতিনিধি সুই লি উই আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্সকে উদ্ধৃত এই তথ্য প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়, চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি কর্তৃক আবিস্কৃত এই ভ্যাকসিন ঢাকায় ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীর ওপর পরীক্ষামূলক প্রয়োগ হবে।
শুধু বাংলাদেশ নয়, এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত ভ্যাকসিন বিলানোর মাধ্যমে চীন কীভাবে বন্ধুত্ব বাড়াতে চাইছে, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে ওই প্রতিবেদনে। অবশ্য ভ্যাকসিনের এই পরিমাণ ডোজকে বাংলাদেশের জনসংখ্যার তুলনাং ‘খুবই কম কম বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বিশ্বের যে দেশগুলো করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের চেষ্টা করছে তাদের মধ্যে সবার ওপরে চীন। এছাড়া চীনই একমাত্র দেশ, যেখানে একই সময়ে চারটি ভ্যাকসিনের তৃতীয় ধাপ তথা শেষ সময়ের ট্রায়াল চলছে। পৃথিবীর আর কোনো দেশ ভ্যাকসিন গবেষণায় এতটা এগিয়ে যেতে পারেনি।