admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২১ ৯:০০ পূর্বাহ্ণ
চীন বাংলাদেশে করোনাভাইরাসের মহামারি নিয়ন্ত্রণের অংশ হিসেবে আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন। দেশটির সিনোফার্ম কোম্পানির এই টিকাগুলো বাংলাদেশ চাইলে যেকোনো সময় দেশে নিয়ে আসতে পারবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী রোববার, ৩ অক্টোবর, দিবাগত রাতে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা আমাদেরকে আরও ১০ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা উপহার হিসেবে দেবে।
তারা এটাও জানিয়েছে যে, আমরা যখন চাইব তখনই এ টিকা দেশে নিয়ে আসতে পারব। ড. মোমেন বলেন, চলতি সপ্তাহে চীনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। আমরা যে চীনা কোম্পানি সিনোফার্মের টিকা কিনে নিচ্ছি, সেখান থেকেই এই উপহার দেবে তারা। এ সময় মন্ত্রী আরও বলেন, বিপুল পরিমাণ টিকা লাইন আপে রয়েছে। সুতরাং টিকা নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।
এর আগেও চীন সরকার বেশ কিছু সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে। এর মধ্যে গত ১২ মে ৫ লাখ, গত ১৩ জুন ৬ লাখ এবং সবশেষ গত ১৩ আগস্ট ১০ লাখ সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। অর্থাৎ এই তিন ধাপে মোট ২১ লাখ সিনোফার্মের টিকা দিয়েছে চীন। এ ছাড়া টিকার বৈশ্বিক কর্মসূচি কোভ্যাক্সের আওতায় তিন চালানে মোট ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা উপহার দিয়েছে বেইজিং।