admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২১ ৯:৫০ পূর্বাহ্ণ
চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। সিনোফার্মের কাছ থেকে কেনা করোনাভাইরাসের টিকার ১০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো.শামসুল হক। তিনি বলেন, সিনোফামের ১০ লাখ ডোজ টিকা চীন থেকে এসেছে।
সেগুলো আনলোড করা হচ্ছে। রাত ৩টার দিকে অপর একটি ফ্লাইটে আরো ১০ লাখ ডোজ আসার কথা রয়েছে বলেও জানান তিনি। এর আগে ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়াং ইয়ান শুক্রবার এই টিকা আসার খবর দেন। তিনি জানান, শনিবার রাতে চীন থেকে সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশ আসছে। সিনোফার্ম থেকে কেনা টিকার এটি দ্বিতীয় চালান। এর আগেও ২০ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। এ ছাড়া বাংলাদেশকে আরো ১০ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার কথাও জানান তিনি।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই চীনের ওষুধ কোম্পানি সিনোফার্ম উদ্ভাবিত কোভিড-১৯ প্রতিরোধী টিকার দেড় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ওই সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, আগের চুক্তি মূল্যের চেয়ে কম দামে এসব টিকা কেনা হচ্ছে। যদিও টিকার কোনো দাম উল্লেখ করেননি তিনি।