admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ
মোঃ হুমায়ুন কবির রেজা, ষ্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পাওয়ার ট্রলি থেকে পড়ে মোঃ রাফি ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (২৩ এপ্রিল) সকালে ৬নং কাশিপুর ইউনিয়নের টাঙ্গাগোজ (বলঞ্চা) গ্রামে এ ঘটনা ঘটে । নিহত শিশু রাফি ইসলাম টাঙ্গাগোজ বলঞ্চা গ্রামের বকুল ইসলাম ও রেনু আক্তার দম্পতির একমাত্র ছেলে। জানা গেছে ঐ দম্পতির এক ছেলে ও এক মেয়ে। মেয়ে বড়, ছেলে রাফি ইসলাম ছোট। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে শোকে কাতর বাবা মা সহ পরিবার।
নিহতের দাদা দবিরুল ইসলামের বরাত দিয়ে জানা যায় যে, বাড়ির কাজের জন্য আমাদের নিজস্ব পাওয়ার ট্রলি যোগে মাটি নিয়ে আসার জন্য আমি ও আমার আরেক ছেলে কাজে গেলে রাফি তার চাচার সাথে যায়। এসময় মাটি সহ ট্রলি নিয়ে ফেরার পথে রাফি বসে থাকা ট্রলির উপর থেকে পড়ে যায় এবং ট্রলির সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারান। নিজের চোখের সামনে রাফির এমন মৃত্যু দেখে দিশেহারা দাদা, চাচাও।
পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিবারের ও স্হানিয়দের কারো কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে লাশের দাফন কার্য সম্পাদনের জন্য অনুমতি দেন। এসময় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজ রহমান,ওয়ার্ড ইউপি সদস্যসহ স্হানিয়রা উপস্থিত ছিলেন। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক, পরিবার ও স্হানিয়দের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।