admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৮ অপরাহ্ণ
চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করা হবে। এরই মধ্যে লাইসেন্সের খসড়া প্রিন্ট শুরু হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় আজ বৃহস্পতিবার এসব কথা বলেন সেতুমন্ত্রী। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন তিনি।
বিআরটিএর অনিয়ম ও দালালের দৌরাত্ম্য শক্ত হাতে বন্ধের নির্দেশ দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কার্ডের মান ও প্রিন্ট কোয়ালিটি চুক্তি অনুযায়ী হতে হবে। এতে কোনো ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, লাইসেন্সের গুণগত এবং স্মার্ট কার্ডের বৈশিষ্ট্য সম্পর্কে যা যা থাকার কথা, তার কোনোটির সঙ্গেই আপস করা হবে না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, সুতরাং আর কোনো দেরি যাতে না হয়, সেজন্য বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিএর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরবরাহকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কার্ড দ্রুত সংগ্রহ করে ড্রাইভিং লাইসেন্স দিতে গতি ফিরিয়ে আনতে হবে। অবসান ঘটাতে হবে মানুষের অপেক্ষার। গ্রাহকদের ভোগান্তি কমাতে বিআরটিএর সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন যানবাহন সেবায় গতি আনয়নের নির্দেশ দেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, গুটিকয়েক অনিয়মকারীর জন্য গোটা প্রতিষ্ঠানের বদনাম হতে পারে না। অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে এসে সংশ্লিষ্ট সবাইকে সেবামুখী হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিআরটিএ চেয়ারম্যানকে শক্ত হাতে অনিয়ম চক্র এবং দালালের দৌরাত্ম্য বন্ধের নির্দেশ দেন মন্ত্রী।