admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
খালেদা জিয়ার মূল সমস্যা জানানো হল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। বর্তমানে তার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের টেকনোলজি দিয়ে সঠিকভাবে তার রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। এ কারণেই চিকিৎসকরা বার বার তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কথা বলছেনন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর বিষয়ে জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার যে অসুখ তা প্রধানত পরিপাকতন্ত্রের।
ঠিক কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে সেটা বের করতে পারছেন আমাদের শ্রেষ্ঠ ডাক্তাররা। গত কয়েকদিন ধরে তারা চেষ্টা করছেন। কিন্তু তারা একটা জায়গায় এসে আর এগুতে পারছেন না। কারণ আমাদের সে ধরনের কোনো টেকনোলজি দেশে নেই। সে কারণেই চিকিৎসকরা বার বার তাকে বিদেশ নিতে বলছেন। একটি এডভান্স সেন্টারে দেশনেত্রীকে নেওয়া দরকার বলে জানাচ্ছেন তারা। যেখানে মূলত এই ডিভাইসগুলো আছে। তথা টেকনোলজি আছে, যন্ত্রপাতিগুলো আছে, যেখানে গেলে তার রোগটা সঠিকভাবে নির্ণয় করা যাবে। পরিপাকতন্ত্রের যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে সেটা বন্ধ করা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৯০- এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. সামসুল আলম খান মিলনের ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আজ শনিবার, ২৭ নভেম্বর, তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া ও গণতন্ত্র অঙ্গাঅঙ্গাভাবে জড়িত। গণতন্ত্র আর খালেদা জিয়াকে আলাদা করা যাবে না। এ জাতির কাছে খুবই জরুরি খালেদা জিয়ার মুক্তি, তার চিকিৎসা ও তার বেঁচে থাকা।
দীর্ঘকাল থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সরকার বাংলাদেশকে রাজনীতি থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র করছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করছে। আজকে নয়, এর শুরু হয়েছে ১/১১ থেকে। আজ তারই পরিণতি ভোগ করতে হচ্ছে খালেদা জিয়াকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান খান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য রাখেন।