admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ
ক্ষুব্ধ চালক বারবার মামলা কারণে নিজেই বাইক পোড়ালেন। মোটরসাইকেলটিই তার জীবিকার একমাত্র অবলম্বন। সারাদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে রাইড শেয়ার করে যে অর্থ উপার্জন করেন, তা দিয়েই সংসার চলে। কিন্তু পার্কিংসহ ছোটখাটো নানা অপরাধে কয়েকদিন পরপরই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়। আজ সোমবারও একই ঘটনা ঘটার পর রাগে-ক্ষোভে পুলিশের সামনেই মোটরসাইকেলটি পুড়িয়ে দিলেন চালক। ওই চালকের নাম মোহাম্মদ শওকত। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাড্ডার লিংক রোড এলাকায়। বাইক পুড়িয়ে ফেলার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আগুন জ্বলতে থাকার এক পর্যায়ে ক্ষুব্ধ ওই চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই চালক যেখানে এসে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়েছিলেন, সেখানে পার্কি নিষিদ্ধ। এ ব্যাপারে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছিল। তাই সেখানে থাকা পুলিশ সদস্যরা চালকের কাছে পার্কিং করার কারণ জানতে চায় এবং মোটরসাইকেলের কাগজপত্র ঠিক আছে কি-না, তা দেখাতে বলেন।
ট্রাফিক পুলিশের এই স্বাভাবিক দায়িত্ব পালনে ক্ষুব্ধ হয়ে ওঠে চালক। এক পর্যায়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন। পুলিশ এবং স্থানীয়রা মিলে সেই আগুন নিভিয়েছে। চালককে তার ক্ষুব্ধ হওয়ার কারণ জানতে থানায় নিয়ে আসা হয়েছে। বলেন ওসি আবুল কালাম আজাদ।