admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
কুয়েত বাংলাদেশকে করোনাকালে সুখবর দিল। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ১ হাজার ৫০০ নার্স নেবে মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েতের দুটি কোম্পানি। গতকাল বুধবার রাতে এ তথ্য জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান। চলতি বছরের মার্চ নাগাদ সকল আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশি নার্সরা কুয়েতে কাজ শুরু করতে পারবেন বলে আশা করছেন তিনি। এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত আশিকুজ্জামান বলেন, কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগ নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় দেড় হাজার নার্স নেবে দেশটির দুটি কোম্পানি।
কোম্পানি দুটি বাংলাদেশে এসে প্রাথমিক সিলেকশন করেছে। কুয়েত বিএসসি ও ডিপ্লোমা নার্স নেবে। মার্চের দিকে সিলেকশন প্রক্রিয়া সম্পন্ন হলে তারা আসবে। দেশটিতে বাংলাদেশি নার্সদের কর্মসংস্থান শুরু হলে বাড়তি সুবিধা পাবে প্রবাসী বাংলাদেশিরা। নার্স যাওয়া শুরু হলে বিভিন্নভাবে দেশের ভালো হবে উল্লেখ করে তিনি বলছেন, প্রবাসী বাংলাদেশিরা হাসপাতালে ভাষাগত সমস্যায় পড়েন, সেখানে দেশি নার্স থাকলে সুবিধা হবে। বড় পরিসরে কুয়েতি বাজারে দক্ষ কর্মী নেই, তারা আসলে মান উন্নয়ন হবে এবং সুনামও বাড়বে।
নার্সদের হাত ধরে আগামীতে আরো দক্ষ কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হবে। এর আগে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মালে সফরে। এর আওতায় দেশটিতে চিকিৎসক ও নার্স পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যান্য দেশেও নার্স পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখার কথা জানান তিনি। এই তালিকায় আরো অন্তত ৪টি দেশ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সেগুলো হলো- গ্রিস, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। এসব দেশের সঙ্গে সংশ্লিষ্ট চ্যানেলে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যা শিগগিরই আশার আলো দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র সম্প্রতি জানায়, করোনাকালে বিভিন্ন দেশে বাংলাদেশি নার্সের চাহিদা বেড়েছে। শ্রমবাজারের নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে এই খতকে। পুরো বিষয়টি দেখার জন্য বিএমইটি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের দু’জন কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।