admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩৪ পূর্বাহ্ণ
কাশিমপুর-২ কারাগার থেকে বন্দিরা পালাচ্ছে দায়ীকে? কয়েকদিনের ব্যবধানে ৩ জন বন্দি পালানোর ঘটনা ঘটলো। এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে। বিশেষজ্ঞরা বিষয়টাকে দেখছেন অশনিসংকেত’ হিসেবে। এমনটা রোধ করা না গেলে এই প্রবণতা ছড়িয়ে পড়তে পারে অন্যান্য বন্দিদের মধ্যেও। বিব্রত কারা কর্তপক্ষ তাই নড়েচেড়ে বসেছে। এরপর আর একটি ঘটনাও যেন না ঘটে সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অতি সম্প্রতি কারা সদর দপ্তর থেকে একটি চিঠি পাঠানো হয়েছে দেশের ৬৮ কারাগারে। চিঠিতে কারাগারের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ঢেলে সাজাতে বলা হয়েছে পুরো নিরাপত্তা ব্যবস্থা। এজন্য প্রয়োজনীয় সব ‘লজিস্টিক সাপোর্ট’ দিতে প্রস্তুক কারা কর্তৃপক্ষ।
গত ৬ আগস্ট মই বেয়ে কাশিমপুর-২ কারাগার থেকে পালিয়ে গেছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামী। এমনকি এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্তে উঠে এসেছে, নিরাপত্তারক্ষীদের অবহেলা আর যথাযথ সতর্কতার অভাবেই এমন ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার আগে দায়িত্বশীল নিরাপত্তারক্ষীদের সামনেই কয়েকদিন যাবৎ মই বানিয়েছে ওই আসামী। কেন সে মই বানাচ্ছে, ছোট্ট এই প্রশ্ন করারও প্রয়োজন বোধ করেননি নিরাপত্তারক্ষীরা।
কারা অধিদপ্তরের অতিরিক্ত আইজি প্রিজন্স কর্নেল আবরার হোসেন বলেন, হাসপাতাল থেকে কয়েদি পালিয়ে গেছে, সেটা না হয় কিছুটা মেনে নেওয়া যায়। কিন্তু কারাগার থেকে আসামী লাপাত্তা, এমনটা অশনিসংকেত। এটা রোধ করতে না পারলে বিপর্যয় হতে পারে। অন্যান্য আসামীরা নেতিবাচক বার্তা নিতে পারে। তাই সারা দেশের কারাগারগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা চলছে।