admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২০ ৮:১৫ পূর্বাহ্ণ
অর্থপাচারে সরকারি কর্মকর্তারা বেশি জড়িত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। কানাডায় অর্থ পাচারের সঙ্গে সরকারি কর্মকর্তারা বেশি জড়িত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘মিট দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডায় অর্থ পাচারের বিষয়ে তিনি খবর নিয়েছেন। প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে। মোট ২৮টি এমন ঘটনা পেয়েছেন তিনি। অর্থপাচারের বিষয়ে প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে তাতে তিনি বেশ অবাক হয়েছেন।
তিনি আরো বলেন, ধারণা করেছিলেন অর্থপাচারের সঙ্গে রাজনীতিবিদরা বেশি জড়িত থাকবে। কিন্তু দেখা গেছে রাজনীতিবিদদের সংখ্যা মাত্র ৪ জন। কিছু রয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ী। তবে এর সঙ্গে সবচেয়ে বেশি জড়িত হচ্ছে সরকারি কর্মকর্তারা। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সরকারি কর্মকর্তারা কানাডার টরেন্টোতে বাড়িঘর করেছে। তাদের ছেলেমেয়েরা সেখানে থাকে। যদিও এটি সামগ্রিক তথ্য না। এ বিষয়ে আরো বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
কেউ যদি বৈধভাবে দেশের টাকা বিদেশে পাঠায়, তাহলে কোনো সমস্যা নেই, সেটি তিনি করতেই পারেন। কিন্তু অবৈধভাবে পাঠালে সেটি হবে পাচার। আর এটির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) এ সংকটকালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ লাখ ৬০ হাজার প্রবাসী দেশে ফিরে এসেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছেন মধ্যপ্রচ্যের দেশ সৌদি আরব থেকে।