admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুন, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
করোনা সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে ফের বাড়লো সীমান্ত বন্ধের মেয়াদ। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরো এক দফা বাড়ানো হয়েছে। শেষ দফায় আরো ১৬ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ চলতি জুন মাস পুরোটাই বন্ধ থাকছে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে স্থল সীমান্ত। স্থল সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস। আজ রোববার সন্ধ্যায় তিনি বলেন, ভারতের সঙ্গে চলমান সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থল বন্দর আপাতত পুরোপুরি বন্ধ রয়েছে। তবে বাকি পাঁচটি বন্দর দিয়ে শর্ত সাপেক্ষে দেশে ফিরতে পারবেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রেক্ষাপটে সংক্রমণ ঠেকাতে গত ২৬ এপ্রিল থেকে দেশটির সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে বাংলাদেশ।
পরবর্তীতে তা ধাপে ধাপে বাড়ানো হয়। তবে সীমান্ত বন্ধ থাকলেও দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের শর্ত সাপেক্ষে ফেরার সুযোগ দেওয়া হয়। এ ক্ষেত্রে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম ছিল তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে ফেরার সুযোগ দেওয়া হয়। যা এখনো বহাল আছে। তবে মানুষের যাতায়াতের জন্য স্থল সীমান্ত বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে দুই দেশের মধ্যে পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত আছে।