admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ
করোনার কারণে ক্ষতিগ্রস্ত বেকারদের জন্য সুখবর আসছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অর্থনীতির সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত খাত গুলোর অর্থ প্রবাহ বাড়াতে চাইছে বাংলাদেশ ব্যাংক। চলমান প্রণোদনা প্যাকেজের মেয়াদ বৃদ্ধি এবং উৎপাদনশীল খাত সচল রাখার চিন্তা-ভাবনা চলছে। এর অংশ হিসেবে ব্যাংকে পড়ে থাকা অলস অর্থ কাজে লাগানো এবং চাকরি হারানো বেকারদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে অর্থ দেয়ার কথা ভাবা হচ্ছে। সে জন্য দরিদ্রবান্ধব বন্ড চালুর প্রস্তাব দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন বলছে, নতুন এই বন্ড সরকার অনুমোদন করলে তা থেকে সংগৃহীত অর্থ বেকারদের কর্মসংস্থানে ব্যয় করা হবে। এটি কার্যকর হলে করোনাকালে বেকার হওয়াদের জন্য সুখবর বয়ে আনবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, করোনা মাহামারিতে দেশের অর্থনীতি সচল রাখতে পদক্ষেপ নেয়ার কথা ভাবা হচ্ছে। আমরা অর্থনীতি ও জীবন ভালো চলুক, সেটাই চাইছি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকার মতো। এই অর্থ কাজে লাগালে করোনায় ক্ষতিগ্রস্ত খাতগুলো উপকৃত হবে। বিশেষ করে করোনাকালে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন খাতে অসংখ্য শ্রমিক-কর্মচারী বেকার হয়েছেন। তাদের নতুন কর্মসংস্থানের জন্য বন্ড পদ্ধতি বেশ কার্যকর হতে পারে। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শতবর্ষী বন্ড চালুরও প্রস্তাব করেছে বাংলাদেশ ব্যাংক। এই দুই ধরনের বন্ড ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক সংস্থার কাছে বিক্রি করা হবে। তা থেকে আসা অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোতে অর্থায়নের পরিকল্পনা নেয়া হচ্ছে।