admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ
করোনাভাইরাসের টিকার বয়সসীমা ১৮ করার সুপারিশ। দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী তখন ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ শিথিল করায় উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে কোরবানির পশুর হাট বন্ধের পাশাপাশি আরো ১৪ দিন কঠোর লকডাউন আরোপ এবং টিকাদান কর্মসূচি জোরদার করতে বয়সসীমা ১৮ বছর করা সুপারিশ করেছে কমিটি। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়ে বলা হয়, আবারো দেশে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। এ অবস্থায় সরকার লকডাউন শিথিল করার যে সিদ্ধান্ত নিয়েছে তা গভীর উদ্বেগের।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪১তম অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কমিটির সদস্যদের উপস্থিতিতে চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে ৬ দফা সুপারিশ করা হয়। সুপারিশগুলোর মধ্যে একটি হলো টিকাদানের বয়সসীমা কমানো। এ বিষয়ে সুপারিশ প্রস্তাবে বলা হয়েছে, আমাদের দেশে সরকারের অক্লান্ত পরিশ্রমের কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার পর ফাইজার, মডার্না এবং সিনোফার্ম থেকেও করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে।
একই সঙ্গে আবারো সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ জন্য সরকারকে ধন্যবাদ জানায় কমিটি। তবে দ্রুত সময়ের মধ্যে আরো বেশি মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনা, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের টিকার আওতায় আনা এবং নিবন্ধন (রেজিস্ট্রেশন) প্রক্রিয়া আরো সহজ করার পাশাপাশি অন্যান্য বিষয়ে সরকারকে অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানায় কমিটি।