admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ কক্সবাজারের উখিয়ায় শনিবার (১৭ জুন) পৃথক ঘটনায় শিশুসহ তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মৃতরা হলো- উখিয়া জালিয়াপালং ১ নম্বর ওয়ার্ড পাইন্যাশিয়া মোঃ শাহজাহানের ছেলে আরেফা (৮), হাকিমপাড়া ক্যাম্প-১৪ এর এ/৪ ব্লকের কবির আহমদ (৬) ও রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট ব্লক সি/৫ সৈয়দুল ইসলামের ছেলে মো. হারেজ (২২)।
স্থানীয়দের বরাতে উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সাড়ে ১০টার দিকে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকায় বসতঘরের মাটির দেয়াল চাপা পড়ে শিশু আরেফা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ইস্টের সি/৫ ব্লকে বসবাসরত মোহাম্মদ হারেজ নামের এক রোহিঙ্গা টমটম চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
একই সময় উখিয়ার পালংখালীর থাইংখালী এলাকার পার্শ্ববর্তী হাকিমপাড়া ক্যাম্প-১৪ এর এ/৪ ব্লকের ছয় বছর বয়সী শিশুর ওমর ড্রেনে পড়ে পানির স্রোতে ভেসে যায়। পরে ফায়ার সার্ভিস ও সিপিপি ভলান্টিয়ারদের সহযোগিতায় বিকেলের দিকে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে একটি ছরা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ তিনটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।