admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২০ ১০:০৮ পূর্বাহ্ণ
ভয়াবহ আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি চীন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। ইতিমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চীনে নিহতের সংখ্যা দুই শ ছাড়িয়েছে। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে মারা গেছেন মোট ২১৩ জন। আক্রান্ত হয়েছেন প্রায় নয় হাজার। গতকাল শুক্রবার মৃতের সংখ্যা নিয়ে এমন তথ্যই প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। হুবেই প্রদেশ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার আরও ৪২ জনের মৃত্যু হয়েছে, যা ভাইরাসটির কেন্দ্রস্থল উহান শহরে মৃতের সংখ্যা ২০৪ জনে দাঁড়িয়েছে। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি বন্যপ্রাণী বাজার থেকে এই ভাইরাস ছড়ায় বলে ধারণা করা হয়ে থাকে। আর সেখানেই এই ভাইরাসের ব্যাপকতা সবচেয়ে বেশি। ভাইরাসের সংক্রমণ ব্যাপক আকার ধারণ করার পর গত সপ্তাহের শুরুর দিকে প্রদেশটির সঙ্গে অন্য এলাকার সব ধরনের পরিবহন বন্ধ করে দেয়া হয়। ফলে সেখানকার প্রায় ৬ কোটি মানুষ প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। এছাড়া ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে নাগরিকদের চীনের উহান থেকে ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। অনেক এয়ারলাইনস চীনে যাওয়া-আসার ফ্লাইট কমিয়ে দেয়া ও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
চীন ছাড়াও এখন পর্যন্ত ১৬টি দেশে করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি। জেনেভায় এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয় সংস্থাটি। খবর সিএনএন, আল জাজিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইসাস বলেন, ‘এই ঘোষণার মূল কারণ শুধু চীনে কী হচ্ছে তা নয় বরং বিশ্বের অন্যান্য দেশে কী ঘটছে সেটাও দেখতে হবে।’ তিনি বলেন, উদ্বেগের আরেকটি কারণ হলো, এই ভাইরাস দুর্বল স্বাস্থ্যব্যবস্থার দেশগুলোতে ছড়িয়ে পড়ছে।
উহানে বিভীষিকা, রাস্তায় পড়ে আছে লাশ বিশ্বব্যাপি আতঙ্ক ছড়িয়ে বেড়ানো করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে পরিস্থিতি নির্মম হয়ে ওঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে শহরটিতে বিভীষিকার চিত্র ফুটে ওঠেছে। ছবিগুলোয় দেখা যায়, ধূসর রঙের চুল, মুখে মাস্ক পরিহিত এক ব্যক্তির লাশ রাস্তায় পড়ে আছে। তার বয়স আনুমানিক ৬০। তার এক হাতে রয়েছে বাজারের ব্যাগ। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা তাকে তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে তার মৃত্যু করোনা ভাইরাস থেকেই হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
ছবিগুলোয় আরো দেখা যায় যে, দূর দিয়ে দুই-একজন মানুষ হেঁটে গেলেও কেউ লাশের কাছে যাওয়ার সাহস করছেন না।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক বৃহস্পতিবার জানান, লাশটি বেশিক্ষণ পড়ে থাকেনি। জরুরি সেবাকর্মীরা মৃতদেহটি তুলে নিয়ে গেছেন। ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে জানতে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করেও কোনো স্পষ্ট উত্তর পায়নি এএফপি। ধারণা করা হচ্ছে, উহানের এক বাজার থেকেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। শহরটিতেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ১ কোটি ১০ লাখ মানুষের এই শহরের চেহারা বদলে গেছে মাত্র একমাসে। সাধারণত লোকে লোকারণ্য হয়ে থাকা রাস্তাগুলো এখন ফাঁকা, জনমানবশূন্য। উল্লেখ্য, এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২১৩ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার।