admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
ইসরায়েলে সুন্দরী প্রতিযোগিতা, দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ। সরায়েলে আগামী ১২ ডিসেম্বর মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার নাগরিকরা। গতকাল শুক্রবার মিস দক্ষিণ আফ্রিকা সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের অফিসের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। খবরটি দিয়েছে বার্নামা। প্যালেস্টাইন সলিডারিটি অ্যালায়েন্স ইয়ুথ লিগের (পিএসএওয়াইএল) একজন দায়িত্বশীল নুর আহমদ আনাদোলু এজেন্সিকে বলেছেন, আমরা চাই মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে মিস দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী লালেলা মসওয়ানেকে প্রত্যাহার করা হোক। কিন্তু আয়োজকরা তা অস্বীকার করেছে।

এ কারণে আমরা প্রতিবাদ করছি। দক্ষিণ আফ্রিকার সরকারও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মসওয়ানের প্রতি সমর্থন প্রত্যাহার করছে। দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের বিরোধিতা করে আসছে। বিক্ষোভকারীদের দাবি ডিসেম্বরের ওই প্রতিযোগিতার সাথে যুক্ত হওয়া যাবে না।
নুর আহমদ বলছেন, বিক্ষোভের উদ্দেশ্য হল প্রতিযোগিতা বয়কট করার জন্য মিস এসএ (দক্ষিণ আফ্রিকা) সংস্থার ওপর চাপ প্রয়োগ করা। লালেলা এখনও ইসরায়েলের জন্য দক্ষিণ আফ্রিকা ছেড়ে যাননি। তাই সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং মিস এসএ সংস্থার প্রতিযোগিতা বয়কট করার এখনও সময় আছে। তিনি বলেন, দখলদারিত্বকে পরাজিত করতে আন্তর্জাতিক সংহতির অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে সাংস্কৃতিক, একাডেমিক, শিল্প এবং অন্যান্য ধরনের বয়কটের আহ্বানকে সমর্থন করতে হবে দক্ষিণ আফ্রিকানদের। প্রতিবাদটি দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি সুশীল সমাজ ও সংস্থা দ্বারা সমর্থন লাভ করেছে।
এদিকে প্রয়াত নেলসন ম্যান্ডেলার নাতি চিফ জুইভেলাইল ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকানদের মনে করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক সংহতি আন্দোলন দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামে সাহায্য করেছে। আমরা আমাদের সরকারকে ইসরায়েলর আসন্ন প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ করা থেকে প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। ম্যান্ডেলা ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের একজন এমপি।
ম্যান্ডেলা বলছেন, শোতে দক্ষিণ আফ্রিকার পতাকা ওড়ানো উচিত নয় বা প্রতিযোগিতার সাথে দক্ষিণ আফ্রিকার নাম যুক্ত করা উচিত নয়। ম্যান্ডেলা বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের সময় তার দেশকে ফিলিস্তিনিদের সমর্থনের কথা মনে করিয়ে দেন- ‘ইসরায়েলের অধীনে নির্মম নিপীড়নের বিরুদ্ধে তাদের পাশে দাঁড়ানো এখন দক্ষিণ আফ্রিকার কর্তব্য।