admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ
ইরাক সীমান্তে তুর্কি ঘাঁটিতে রকেট হামলা। ইরাকের উত্তরাঞ্চলীয় সীমান্তে, যা দেশটির নেইনাভা প্রদেশে পড়েছে, মোতায়েন করা তুরস্কের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে সক্রিয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সেখানে অবস্থান করছে তুর্কি বাহিনী। আঙ্কারার দাবি, পিকেকে গেরিলারা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। ইরাকের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল ফোরাতের বরাত দিয়ে এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

খবরে বলা হয়েছে, ইরাকের বাশিকা অঞ্চলের জিলকান ঘাঁটি লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়। অবশ্য সেগুলো বাকিয়ান গ্রামের কাছে গিয়ে পড়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে স্থানীয় শেইখান জেলার মেয়র সরদার ইয়াহিয়া বলেন, রকেটগুলো কার্যত মসুল শহর লক্ষ্য করে ছোড়া হয়েছে। তবে সৌভাগ্যের বিষয় হল যে, এতে স্থানীয় জনগণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবরে বলা হয়েছে, এর আগে তুরস্কের এই ঘাঁটি লক্ষ্য করে গত ৮ নভেম্বর অন্তত দুটি রকেট ছোড়া হয়। ওই সময় লক্ষ্যবস্তু তথা ঘাঁটিতে আঘাত হানতে পারেনি রকেটগুলো। যার ফলে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। প্রসঙ্গত, তুরস্কের সেনারা পিকেকে গেরিলাদের দমনের নামে ইরাকের উত্তরাঞ্চলে বিগত কয়েক বছর ধরে অবস্থান করছে। ইরাক সরকারের পক্ষ থেকে বার বার সেনা সরিয়ে নিতে বলা হলেও তা করেনি তুরস্ক। এ নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক টানাপড়েন বিরাজ করছে।