admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
ইইউ রোহিঙ্গাদের ১ দশমিক ২ কোটি ইউরো দিচ্ছে।মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সহায়তা হিসেবে আরো ১২ মিলিয়ন বা ১ দশমিক ২ কোটি ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় কমিশনের মানবিক সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিস। এক ভিডিও বার্তায় বাংলাদেশ সফররত জেনেজ লেনারসিস জানান, ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের সহায়তায় আরো ১২ মিলিয়ন ইউরো দেবে।
এর মধ্যে ১০ মিলিয়ন ইউরো দেওয়া হবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের। অবশিষ্ট ২ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়নে। জানা যায়, বাংলাদেশ সফরকালে কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জেনেজ লেনারসিস। সেখানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় প্রকল্প পর্যবেক্ষণ করেন তিনি। একই সঙ্গে ইউরোপীয় কমিশনের এই কর্মকর্তা সেখানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।
এদিকে, বাংলাদেশ সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন জেনেজ লেনারসিস। একই সঙ্গে সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। এর আগে তিন দিনের, ২৬-২৮ অক্টোবর, সফরে বাংলাদেশ আসেন ইউরোপীয় কমিশনের মানবিক সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার।