admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগ চায় বিএনপি পূর্ণশক্তি নিয়ে জাতীয় নির্বাচনে আসুক এবং প্রতিদ্বন্দ্বিতা মূলক ভোট হোক-বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ২০১৮ সালের নির্বাচনে অংশ নেবে কিনা, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল বিএনপি স্মরণ করে দিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত সে নির্বাচনে অংশ নিয়েছিল তারা।
আমরা চাই পূর্ণশক্তি নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নির্বাচনে খেলেই জিততে চায়, ওয়াক-ওভার চায় না। আওয়ামী লীগের টিম অনেক শক্তিশালী। তবে বিএনপির নির্বাচন-ভীতি আছে। এই ভীতি দূর করার দায়িত্ব আওয়ামী লীগের নয়।
হাছান মাহমুদ বলেন, ২০১৮ সালের মতো সামনের নির্বাচনেও আওয়ামী লীগের বড় বিজয় হবে। গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করে না, তারা ধ্বংসাত্মক আন্দোলন করে এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তথ্যমন্ত্রী দাবি করেন, পঞ্চগড়ে বিএনপির কর্মীর মৃত্যু পুলিশের সঙ্গে সংঘর্ষে হয়নি। ময়নাতদন্তে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর কথা বলা হয়েছে।