admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টরঃ বগুড়াআদমদীঘিতের চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে দায়েরকৃত মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার কাহালু উপজেলার দূর্গাপুর গ্রামের মকসেদ আলীর ছেলে খোকন (২৯) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের আশরাফ আলীর ছেলে আসমান বাবু (৪০)।
আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান, গত রবিবার (১৪ মে) দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে একটি মোটরসাইকেল রেখে ওই অফিসের ভিতরে কাজ করতে যান আবুল কালাম আজাদ। এরপর বাহিরে এসে দেখতে পান সেখানে মোটরসাইকেলটি নেই। কে বা কাহারা চুরির উদ্দেশ্যে নিয়ে যান। পরে ওইদিন রাতে নিকটবর্তী থানায় আবুল কালাম আজাদের শ্বশুর আব্দুল গফুর বাদী হয়ে অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের এক পর্যায়ে মঙ্গলবার রাতে কাহালু উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে চোর চক্রের সদস্য খোকনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া অনুসারে জয়পুরহাট জেলার পাঁচবিবি কয়া গ্রাম থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের আরেক সদস্য আসমান বাবুকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দায়েরকৃত মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।